উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বর্তমান বেতনে শ্রমিকদের জীবন অত্যন্ত কঠিন হয়েছে। অথচ সরকার ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গাজীপুরে পুলিশের বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানান জাপা চেয়ারম্যান। সেই সঙ্গে নিহত শ্রমিকের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি।
বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিসহ নানা সংকটে পোশাকশিল্পের মালিকেরাও চাপে রয়েছেন বলে উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, শ্রমিক ও মালিক উভয় পক্ষের দাবির ন্যায্য সমাধানের মূল দায়িত্ব সরকারের।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ জন্য নগদ সহায়তা অথবা রেশনিং ব্যবস্থার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহের পরামর্শ দেন তিনি।