উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ফিফার সদস্যদের দেখার সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই পরিকল্পনার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনফান্তিনাসহ আটজন সহ-সভাপতিকে নিয়ে গঠিত ফিফা কাউন্সিলের মোট ৩৭ সদস্যকে সোমবার এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, নথিগুলো সশরীরে এবং নির্দিষ্ট শর্তে দেখতে চাইলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। সূত্রটি আরও জানিয়েছে, সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে নথিগুলো পর্যালোচনা করা যাবে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দেওয়া এফএফই পরিকল্পনা-সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব দেওয়ার সময়সীমা ২ নভেম্বর শেষ হওয়ার পরই ফিফার এ উদ্যোগ সামনে এল। জুলাইয়ের শেষ দিকে প্রকাশ্যে আসা এ পরিকল্পনার বিরোধিতায় নেতৃত্ব দিয়েছে উয়েফা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপের মতো ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগ তৈরি হতো।
তবে নির্ধারিত সময়ের মধ্যে উয়েফাকে কোনো জবাব দেয়নি ফিফা এবং সংস্থাটির যুক্তি হলো এত অল্প সময়ে জবাব দেওয়া বাস্তবসম্মত নয়। আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুন:নির্বাচনে লড়বেন ইনফান্তিনো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন ঘোষণার শেষ সময় ১৮ নভেম্বর। তবে এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে দাঁড় করানোর মতো গ্রহণযোগ্য কোনো প্রার্থী খুঁজে পায়নি উয়েফা।