উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর এবং বিদেশী বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে ফেরত পাঠানোর বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে।
এফইআইডি-এর সার্কুলার অনুযায়ী, কোম্পানিগুলো কোম্পানি আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিবিধান এবং নিজেদের সঙ্ঘস্মারক ও সঙ্ঘবিধি মেনে অনিবাসী বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যু করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে। প্রেফারেন্স শেয়ার অবশ্যই অভিহিত মূল্যে ইস্যু করতে হবে এবং এর ফলে শেয়ার ইস্যু বা খালাসের সময় আলাদা কোনো মূল্যায়নের প্রয়োজন হবে না।
যদি প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার অভিহিত মূল্যের পাঁচ শতাংশের বেশি না হয়, তবে কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। তবে লভ্যাংশের হার পাঁচ শতাংশের বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হবে এবং কোম্পানিগুলোকে মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। অগ্রাধিকার শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট এডি ব্যাংককে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন পাঠাতে হবে।
প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে, ইস্যুকারী কোম্পানিকে মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে এফইআইডি-কে অবহিত করতে হবে এবং নথিপত্র জমা দিতে হবে। সার্কুলারে বলা হয়েছে, বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং কর পরিশোধ করা হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই এডি ব্যাংক লভ্যাংশ ও শেয়ার অবসায়নের অর্থ বিদেশে পাঠাতে পারবে। শেয়ার অবসায়নের কিস্তির অর্থ পাঠানোর প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট এডি ব্যাংককে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
বিদেশী বিনিয়োগের অর্থ যে এডি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে, লভ্যাংশ ও অবসায়নের অর্থও একই ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে এবং যে দেশ থেকে মূল বিনিয়োগ এসেছে সেখানেই ফেরত পাঠাতে হবে। অগ্রাধিকার শেয়ার থেকে অর্জিত লভ্যাংশ একই কোম্পানি বা অন্য কোনো কোম্পানির সাধারণ শেয়ারে পুনর্বিনিয়োগের সুযোগও রাখা হয়েছে। এডি ব্যাংকগুলোকে লভ্যাংশ ও অবসায়নের অর্থের বছরভিত্তিক হিসাব সংরক্ষণ এবং নিরীক্ষকের সনদ রাখতে হবে।