উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে তিনি মনে করেন।
সোমবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন। পরে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেতনকাঠামো নিয়ে পোশাকশিল্পের অসন্তোষ অন্য পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে এবং অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অর্থনীতি পুনরুদ্ধার ও আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মো. আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।