উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তাকে অসত্য ও বিভ্রান্তিকর বলেছে দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি জানান, দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন যে, দলটির রুকন বা সদস্যদের মধ্যে প্রায় ৪৩ শতাংশই নারী। এর আগে রোববার প্রকাশিত টিআইবির ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়েছিল। জামায়াত গঠনতন্ত্র অনুযায়ী সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে এবং নারী কমিটি রয়েছে বলে তিনি জানান।
টিআইবির মতো দায়িত্বশীল সংস্থার এমন তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে জামায়াতকে নিয়ে যেকোনো প্রতিবেদন বা প্রকাশনা তৈরির ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।