উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ২৫০ ফুট উচ্চতার বিজয় তোরণ নির্মাণের পক্ষে সরকারের দেওয়া জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারেল বিচারক তানিয়া চুটকান। শুক্রবারের শুনানিতে তিনি জানতে চান, কেন এতদিন পর এই প্রকল্পটি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করা হলো। এর আগে প্রকল্পটি নিয়ে এমন কোনো যুক্তি সরকার দেয়নি বলে জানান বিচারক।
ফ্রান্সের আর্ক দ্য ট্রায়ম্ফ-এর আদলে তৈরি এই তোরণটি লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির দৃশ্যমান সংযোগ আড়াল করতে পারে বলে আশঙ্কা করছেন মামলাকারীরা। ভিয়েতনাম যুদ্ধের সাবেক সেনাসদস্যদের করা এই মামলার শুনানিতে বিচারক চুটকান জানান, শুধু জাতীয় নিরাপত্তার কথা বললেই কোনো প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য হয় না।
প্রশাসনের আইনজীবীরা আদালতকে মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে বিচারক তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্পের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও দ্রুত রায় ঘোষণার আশ্বাস দিয়েছেন বিচারক চুটকান। আগামী সপ্তাহেই তোরণটির নির্মাণকাজ শুরুর আশঙ্কা রয়েছে।