উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার আকিব নবি। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় ডানহাতি এই পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে সিরিজের শেষ দুই ম্যাচের দলে রাখা হলেও এখন পুরো সিরিজেই থাকছেন তিনি।
২৬ বছর বয়সী আকিব নবি বর্তমানে ভারতের ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে রয়েছেন। কিউইদের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই পেসার।
অন্যদিকে চোট কাটিয়ে ফিটনেস ফিরে পেতে ওয়ানডে সিরিজ চলাকালে ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন প্রসিধ কৃষ্ণা। বিসিসিআই জানিয়েছে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে বোলিংয়ের কাজের চাপ সামলাতে কৃষ্ণার আরও কিছুটা সময় প্রয়োজন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হতেই তাকে ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
সিরিজের প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ওয়ানডে সিরিজ।