উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অপরাধে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, মাদকসেবী ১৪ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন, ডাকাতির মামলার একজন এবং নিয়মিত মামলায় তিনজন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ফারুক (৪৭), সুমন (২২), মেহেদী হাসান (২০), দীন ইসলাম (২৪), সাফি (১৯), মানিক (১৯), এরফান (১৮), সাজ্জাত (২৭), বাছির হোসেন (২৮), ইয়ামিন (২৫), সোহাগ (১৯), মাহিম (২০), সোহাগ (১৯) ও লোকনাথ দাস (৪০)।
এ ছাড়া ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় সোহেল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন জাহিদ (২৮), জিসান (২০) ও আক্তার ওরফে খাজা (৪৫)। ডাকাতির মামলায় জাহিদ সাহান (১৬) এবং ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল (৩৫) ও খন্দকার আবুল কালাম (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।