উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই দুজন মন্ত্রীই তাঁদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এবং তাঁরা পদত্যাগ না করলে দেশের সর্বত্র মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এই হুংকার দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ। দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছে দেশের মানুষ। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, নতুন স্বৈরাচার সেই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না, তাই তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন সমাবেশে বলেন, কলকাতায় এলপিজির দাম হাজার টাকা হলেও বাংলাদেশে তা কিনতে হচ্ছে ২৫০০ টাকায়, যার জবাব জ্বালানিমন্ত্রীকে দিতে হবে। এছাড়া সমাবেশে আগামী ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয় এবং অবৈধ করিডর মেনে নেওয়া হবে না বলে সতর্ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল এনসিপির মাঠপর্যায়ের সবচেয়ে বড় কর্মসূচি, যেখানে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।