উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চের কর্মসূচি গ্রহণ করেছে। আগামী শনিবার সকাল সাতটায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে এই লংমার্চ শুরু হবে। এই কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
জামায়াত নেতারা জানিয়েছেন, ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া পর্যন্ত ১৯টি জেলার ওপর দিয়ে এই গাড়িবহর যাবে। বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত সমাপনী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
লংমার্চ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপি ও পুলিশ কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। পথে নাওডোবা, বাগেরহাট, খুলনা ও যশোরসহ বিভিন্ন স্থানে পথসভার পরিকল্পনা রয়েছে। গোপালগঞ্জের মধ্য দিয়ে যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, আয়োজকরা এটিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না এবং নিরাপত্তার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত করেছেন।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লংমার্চ আয়োজন করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার, সংবিধান সংস্কার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। এর আগে চট্টগ্রাম ও রংপুর অভিমুখে একই ধরনের কর্মসূচি পালন করেছে ১১-দলীয় ঐক্য।