উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন রয়েছে এবং অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, আজ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হওয়ায় ইসি সন্তুষ্ট।
ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ আপসহীন ও আদর্শবান সিপাহসালার ছিলেন বলে স্মরণ করেন রিজভী। শত শত ভুয়া মামলা, রিমান্ডে নির্যাতন এবং কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং চিকিৎসাবঞ্চিত করে তাঁকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতা-কর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।
ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুস সালাম, শিরিন সুলতানা ও তানভীর আহমেদ রবিন। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।