উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিতে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে একটি নতুন জাতীয় রেকর্ড অর্জিত হয়েছে এবং প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
গতকাল রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক জয় করে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে।
অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে এবং বিকেএসপি ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৫০০ মিটার ফ্রি স্টাইলে জুই আক্তার এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইরফানা খাতুন নতুন রেকর্ড গড়েন।
এছাড়া ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে সামিউল ইসলাম রাফি এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ফাতিহা মাহতাব মাইশা নতুন রেকর্ড সৃষ্টি করেন। পাশাপাশি ২০০ মিটার ব্যাকস্ট্রোক ও ১০০ মিটার মিক্সড মিডলে রীলেতেও নতুন রেকর্ড গড়েছেন নৌবাহিনীর সাঁতারুরা।