উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বুধবার নতুন নির্বাচন এড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোট সরকার গঠনের পথ খুঁজছেন। এ পরিস্থিতিতে আরব দলগুলো সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেরুজালেম থেকে এএফপি জানায়, সরকার গঠনের জন্য কোন নেতাকে মনোনীত করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট হারজগের ওপর। তিনি বলেন, গতকালের নির্বাচনের পর বিশেষ করে নতুন নির্বাচন এড়াতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে উন্মুক্ত মনোভাব নিয়ে আলোচনা করার আহ্বান জানান।
১৯ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু ইসরাইলি সমাজে গভীর বিভাজন সৃষ্টি করেছেন। ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট সামান্য এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি বিচারব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন।
নেতানিয়াহু ও আইজেনকোট দুজনের বক্তব্যেই আরেকটি সম্ভাব্য ঘটনা সামনে এসেছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে ইসরাইলের নতুন হামলা। নেতানিয়াহু গত বছর এবং চলতি বছরের শুরুর দিকে ইরানে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যকর করার পর তিনি অনিচ্ছাসত্ত্বেও হামলা বন্ধ করেন। তবে ওই যুদ্ধবিরতি এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নির্বাচনের আগের দিনগুলোতে নেতানিয়াহু বারবার ইরানের সরকার উৎখাতের আহ্বান জানান। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনার বিরোধিতা করেছিলেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
আইজেনকোট অবশ্য আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা দেখিয়েছেন। নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহু বারবার বিরোধীদের আক্রমণ করে বলেছেন, তাদের সরকার গঠিত হলে আরবরা ক্ষমতায় আসবে। তার প্রচারণার স্লোগান ছিল, ‘হয় ডানপন্থীরা, নয়তো ফিলিস্তিন।’ আইজেনকোটের শিবিরের অংশ ইসরাইলের প্রধান বামপন্থী দলের নেতা ইয়াইর গোলান প্রথমবারের মতো আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ইহুদি ও আরবদের ভোটের মধ্যে নেতানিয়াহুর বর্ণবাদী বিভাজন আমরা আর মেনে নিতে পারি না।