উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার এ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের এই তথ্য তুলে ধরা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা বলে বৈঠকে জানানো হয়। পরে কমিটি মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার অভিযোগ যাচাইয়ের সুপারিশ করে।
বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়। বৈঠকে উৎপাদনকারীরা সরাসরি খুচরা বাজারে বিক্রি করেন না এবং পণ্য কয়েক হাত বদল হয়ে ভোক্তাদের কাছে পৌঁছায় বলে ব্যাখ্যা দেওয়া হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।