উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভ্যন্তরীণ বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
জামায়াত সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটির ৫৪টির মধ্যে ৪৩টি এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি রয়েছে।
মেয়র পদের জন্যও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে দলটি। ঢাকা উত্তরে মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-কে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করতে বলা হয়েছে। দলের আমির শফিকুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের পরিচয় করিয়ে দেন।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিজ নিজ ওয়ার্ডে জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই এরই মধ্যে ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রচারণা শুরু করেছেন। তবে মহানগর জামায়াতের নেতারা জানিয়েছেন, কাজের ভিত্তিতে প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।