উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা ওই পোস্টে উল্লেখ করা হয়নি। পরে জোটের পক্ষ থেকে জানানো হয়, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে কোনো অভিযান চালায়নি। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী এবং হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত। কয়েক বছরের মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাসহ বিভিন্ন ঘটনায় সৌদি আরব ক্ষতিগ্রস্ত হয়েছে।